জৈন্তাপুরে চোরাবালিতে ডুবে শাবির শিক্ষার্থীর মৃত্যু
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ PM

জৈন্তাপুরে চোরাবালিতে ডুবে শাবির শিক্ষার্থীর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০১/২০২৬ ০৫:৪২:২৮ PM

জৈন্তাপুরে চোরাবালিতে ডুবে শাবির শিক্ষার্থীর মৃত্যু


সিলেটের জৈন্তাপুরে সারী নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে আটকা পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার নীলনদ খ্যাত সারী নদীর সাহেবমারা ড্রয়ার এলাকায় গোসল করতে নামেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী। এ সময় চোরাবালিতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

নিহত শিক্ষার্থীর নাম আবু মুসআব আমীন (২৩)। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।তার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সকিপুর গ্রামে। তিনি ওই গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে।

নিখোঁজের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি টিম যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালানোর পর বিকাল আনুমানিক ৪টার দিকে নদী থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া শাবি প্রক্টর বডির সদস্য প্রফেসর সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর