গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা ৩১ বস্তা জিরা এবং পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত বারকি নৌকা জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের গোয়াইন নদীর তিতরাই হতে গোয়াইন নদীর ব্রীজ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে পাঁছটায় ভারত থেকে অবৈধভাবে জিরার একটি চালান নিয়ে চোরাকারবারিরা নদীপথে বাংলাবাজারে প্রবেশ করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল গোয়াইন নদী এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ও নৌকা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই বারকি নৌকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জিরা ও বারকি নৌকার আনুমানিক বাজারমূল্য (৯৩০০১,০০০)=৯,৩০,০০০/- (নয় লক্ষ ত্রিশ হাজার) টাকা।
গোয়াইনঘাট থানার এসআই (নিঃ) মহি উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং ফৌজদারি কার্যবিধি (CrPC) অনুযায়ী মামলা দায়ের করেন। সাধারন আয়েরী নং-১২৯১।
অভিযান পরিচালনা করেন,গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার ফয়েজ,এসআই (নিরস্ত্র)/মোঃ মহি উদ্দিন, সঙ্গীয় অফিসার এএসআই (সঃ) পবিত্র দাস, সাধন চন্দ্র, নারায়ণ দাস, তাপস কুমার মল্লিক।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারক জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জব্দকৃত ৩১ বস্তা জিরা ও বারকি নৌকার বিষয়ে প্রচলিত আইন ও বিধি মোতাবেক প্রক্রিয়া চলমান রয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও, এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত রয়েছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি 








