চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ PM

চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০৫:৫৬:২৮ PM

চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া (২১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শূন্য লাইন থেকে প্রায় এক কিলোমিটার ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া চিমটিবিল এলাকার সফিকুল ইসলামের ছেলে। পরিবারের দাবি, তিনি রাখালের কাজ করতেন।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির ঘটনার পরপরই বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিএসএফ গরু চোরাকারবারি শনাক্ত করে গুলি চালালে সোহাগ মিয়া নিহত হন। তাঁর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পর মরদেহ পরিবারের কাছে দেওয়া হবে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চিমটিবিল সীমান্তের স্থানীয় বাসিন্দারা হঠাৎ গুলির শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর সীমান্ত এলাকায় মাটিতে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখার খবর ছড়িয়ে পড়ে। তাঁর পরনের পোশাক দেখে স্থানীয়দের ধারণা হয়, তিনি বাংলাদেশি।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখে সোহাগ মিয়াকে শনাক্ত করেন। পরে তাঁকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আবদুল কাদিরের দাবি, সোহাগ সীমান্ত এলাকায় গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলেন। এ সময় বিএসএফ তাঁকে গরু চোরাকারবারি সন্দেহ করে লক্ষ্য করে গুলি চালায়।

ঘটনার পর বেলা দুইটা পর্যন্ত সোহাগ মিয়ার মরদেহ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। পরে বেলা সাড়ে ৩টার পর চুনারুঘাট থানার পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর