ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বাবারও মৃত্যু
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩০ AM

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বাবারও মৃত্যু

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ১০:৩৪:৫৬ AM

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বাবারও মৃত্যু


সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে কিছুক্ষণ পর মারা গেছেন তাঁর বাবা। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় এ ঘটনা ঘটে। আকস্মিকভাবে বাবা-ছেলেকে হারিয়ে শোকের ভারে স্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাসুক আহমেদ (৩৮) শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিংয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। পরে তাঁর মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে বাবা আব্দুল লতিফ (৬৭) অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা তাঁকে সামলানোর চেষ্টা করলেও কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি মাসুক আহমেদের বিয়ে হয়েছিল। নতুন সংসারকে ঘিরে তাঁর অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর জীবন থেমে যায়। বিয়ের পর তাঁর হাতে থাকা মেহেদির দাগও এখনো পুরোপুরি মুছে যায়নি।

ছেলের আকস্মিক মৃত্যুর খবর পাওয়ার পর বাবারও মৃত্যু হওয়ায় পরিবারে নেমে এসেছে একের পর এক শোকের আঘাত। সদ্য বিয়ে করা ছেলেকে হারানোর শোক সামলে ওঠার আগেই বাবাকেও হারাতে হয়েছে স্বজনদের। তাঁদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

বাবা-ছেলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে খিলগ্রাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীরা পরিবারটির প্রতি সমবেদনা জানাতে বাড়িতে ছুটে আসেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ছেলের মৃত্যুর সংবাদে বাবাও মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্টে নিহত মাসুক আহমেদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করা হয়েছে। আবেদন বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ দাফন করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর