জগন্নাথপুরে ফের ভয়াবহ লোডশেডিং, গরমে অতিষ্ঠ জনজীবন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৭ PM

জগন্নাথপুরে ফের ভয়াবহ লোডশেডিং, গরমে অতিষ্ঠ জনজীবন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ০২:৩৬:৪৫ PM

জগন্নাথপুরে ফের ভয়াবহ লোডশেডিং, গরমে অতিষ্ঠ জনজীবন


সাময়িক স্বস্তির পর আবারও তীব্র লোডশেডিংয়ের কবলে পড়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা। প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শনিবার রাত থেকে রবিবার বিকেল ৫টা পর্যন্ত কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাটে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতিকালে জগন্নাথপুরে লোডশেডিংয়ের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। পরে কিছুদিন পরিস্থিতির উন্নতি হওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছিল। কিন্তু শনিবার রাত থেকে আবারও ঘন ঘন বিদ্যুৎ চলে যেতে শুরু করে। দিন-রাতের কোনো সময়ই যেন মিলছে না স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ।

বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অনেকে অসুস্থও হয়ে পড়ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পৌর শহরের নাগরিক জুয়েল মিয়া বলেন, ‘অসহনীয় গরম আর অস্বাভাবিক বিদ্যুতের ভোগান্তিতে আমরা সাধারণ মানুষ একদম অতিষ্ঠ হয়ে উঠেছি। দিন নেই, রাত নেই, কখন বিদ্যুৎ যায় আর কখন আসে তার কোনো ঠিক নেই। এই দুর্ভোগ থেকে আমরা কবে পরিত্রাণ পাব জানি না।’

জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ জানান, জাতীয় গ্রিড থেকে উপজেলার চাহিদার তুলনায় বিদ্যুতের বরাদ্দ অনেক কম পাওয়া যাচ্ছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাধ্য হয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং করতে হচ্ছে।

তিনি বলেন, বিদ্যুতের বরাদ্দ বাড়ানো হলে দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর