শাবিপ্রবির চার শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড, গবেষক অব দ্য ইয়ার অধ্যাপক শাহিদুর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ PM

শাবিপ্রবির চার শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড, গবেষক অব দ্য ইয়ার অধ্যাপক শাহিদুর

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০৫:২৯:২০ PM

শাবিপ্রবির চার শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড, গবেষক অব দ্য ইয়ার অধ্যাপক শাহিদুর


গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চার শিক্ষককে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ধারাবাহিক গবেষণা উৎকর্ষতার জন্য ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চার অব দ্য ইয়ার-২০২৬’ পেয়েছেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহিদুর রহমান। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব পুরস্কার দেওয়া হয়। স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং শাবিপ্রবির উপ উপাচার্য অধ্যাপক ড. রবিউল ইসলাম।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সিইই বিভাগের আয়েশা ফেরদৌস মিতা সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছেন। তাঁর গবেষণার বিষয় ‘অপ্টিমাইজিং প্রোপার্টিজ অব কংক্রিট কনটেইনিং স্টোন ডাস্ট অ্যান্ড সিরামিক টাইলস অ্যা রেসপন্স সারফেস মেথডোলজি অ্যাপ্রোচ’।

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন এফইটি বিভাগের জাহিদ হাসান শৌরভ ও ড. মো. জহুরুল ইসলাম।

জাহিদ হাসান শৌরভের গবেষণার বিষয় ‘এক্সট্রাকশন অব পেকটিন ফ্রম ওয়াটারমেলন রাইন্ডস ইউজিং সিকুয়েনশিয়াল আল্ট্রাসাউন্ড-মাইক্রোওয়েভ টেকনিক, অপ্টিমাইজেশন ইউজিং আরএসএম অ্যান্ড এএনএন মডেলিং অ্যান্ড ক্যারেক্টারাইজেশন’।

একই ক্যাটাগরিতে ড. মো. জহুরুল ইসলাম পুরস্কার পেয়েছেন ‘ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারেক্টারাইজেশন অব অ্যান ইনোভেটিভ ইউভি-রেজিস্ট্যান্ট বায়োকম্পোজিট ফিল্ম বেজড অন হিপটিস সুয়াভিওলেনস মিউসিলেজ, ব্ল্যাক গ্রাম হাস্ক লিগনিন, অ্যান্ড সিট্রাস ম্যাক্রোপটেরা এসেনশিয়াল অয়েল’ শীর্ষক গবেষণার জন্য।

অন্যদিকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মিসেস নাসিমা বেগম।

গবেষণার মান ও অবদানের বিভিন্ন সূচক বিবেচনায় নিয়ে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চার অব দ্য ইয়ার-২০২৬’-এর জন্য অধ্যাপক ড. শাহিদুর রহমানকে নির্বাচিত করা হয়। মূল্যায়নে জার্নাল আর্টিকেল, কিউ ইনডেক্স, কনফারেন্স পেপার, গুগল স্কলারের সাইটেশন, পিএইচডি, এমএসসি ও বিএসসি পর্যায়ের সুপারভিশন, জাতীয় ও আন্তর্জাতিক রিসার্চ গ্রান্ট এবং জাতীয় স্বার্থে গবেষণায় অবদানের মতো বিষয় বিবেচনা করা হয়েছে।

অনুষ্ঠানে উপ উপাচার্য অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, গবেষণাপত্র প্রকাশের মধ্যেই গবেষণার সাফল্য সীমাবদ্ধ রাখা উচিত নয়। গবেষণার ফলাফল বাস্তবে কীভাবে প্রয়োগ করা যায়, সেদিকেও গুরুত্ব দিতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিংয়ের ব্যবহার বাড়ানোর প্রয়োজন রয়েছে।

গবেষণার ফলাফল পেটেন্ট করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গবেষণা যেন শুধু প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থাকে। ভালো গবেষণা থেকে পেটেন্ট বা বাস্তব উদ্ভাবন তৈরি করা গেলে সেটিই গবেষণার বড় সার্থকতা। এজন্য বিশ্ববিদ্যালয়ে পেটেন্টিং ও প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

তরুণ গবেষকদের প্রসঙ্গে উপ উপাচার্য বলেন, পিএইচডি বা পোস্টডক্টরাল গবেষণা শেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে ফিরছেন, তারা নতুন প্রযুক্তি ও গবেষণার ধারণা নিয়ে আসছেন। এসব জ্ঞান শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে নিয়মিত সেমিনারের আয়োজন করা যেতে পারে। এর মাধ্যমে নতুন গবেষণার সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদেরও গবেষণায় আগ্রহ বাড়বে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর