বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করায় বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিচারপতি খায়রুল হক দেশের বিচারব্যবস্থা ধ্বংস করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ধ্বংস করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার ইঙ্গিতে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল কাটিয়েছেন। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়াম জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারে থাকা একটি মহল দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়। তারা নিজেদের লোক দিয়ে ৪-৫ বছর অন্তর্বর্তীকালীন সরকার থাকা দরকার এমন প্রচারণা চালায়। কিন্তু এভাবে চলতে থাকলে পুরো শাসনব্যবস্থা ভেঙে পড়বে। মব কালচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
তিনি বলেন, দেশে মব কালচারের নামে মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। প্রতিদিন বিভৎস হত্যাকাণ্ড ঘটছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ কখনোই এমনটা প্রত্যাশা করে না। সংবিধানে আইন করে যে ব্যবস্থাই করা হোক না কেন, কোনো ফাঁক গলে যেন ফ্যাসিস্টরা ক্ষমতায় আসতে না পারে—সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রিজভী বলেন, এক কোটি সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের লক্ষ্যে বিএনপি দেশব্যাপী কাজ করছে। সৎ, যোগ্য ও সমাজে সুনামসম্পন্ন ব্যক্তিদেরই দলে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য দলের দরজা খোলা থাকবে।
তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক পরিবার। প্রাথমিক সদস্য সংগ্রহের সময় যাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, বরং তাদের শাস্তি দেয়।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি.কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এবং প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম মৌলভীবাজার জেলার টিম প্রধান ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।
আজকের সিলেট/ডি/এসটি
মৌলভীবাজার প্রতিনিধি 








