গরুর মাংসের শামি কাবাব একটি জনপ্রিয় ও মুখরোচক খাবার, যা সাধারণত ঈদ, কোরবানি কিংবা বিভিন্ন উৎসবের আয়োজনে পোলাওয়ের সঙ্গে পরিবেশন করা হয়। সহজ উপকরণ ও স্বল্প সময়ে তৈরি করা যায় এই কাবাব।
উপকরণ
# গরুর মাংসের কিমা– ২৫০ গ্রাম
# পানিতে ভেজানো বুটের ডাল– ৪ টেবিল চামচ
# আদা বাটা– ১ চা চামচ
# রসুন বাটা– ১ চা চামচ
# শুকনো মরিচ– ৪টি
# ডিম– ২টি
# পুদিনা পাতা কুচি– ২ টেবিল চামচ
# ধনেপাতা কুচি– ২ টেবিল চামচ
# কাঁচা মরিচ– ২টি
# জিরা গুঁড়া– আধা চা চামচ
# ধনে গুঁড়া– আধা চা চামচ
# শামি কাবাব মসলা– ১ টেবিল চামচ
# লেবুর রস– ১ চা চামচ
# পেঁয়াজ বেরেস্তা– আধা কাপ
# লবণ– স্বাদমতো
# পানি– ২ কাপ
# বিস্কুটের গুঁড়া– প্রয়োজনমতো
# তেল– ভাজার জন্য
প্রণালি
প্রথমে একটি হাঁড়িতে গরুর মাংসের কিমা, বুটের ডাল, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, শুকনো মরিচ, লবণ, লেবুর রস, শামি কাবাব মসলা ও পানি দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে মাংস নরম হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে।
এরপর সিদ্ধ মিশ্রণটি ভালোভাবে চপার বা ব্লেন্ডারে মিহি করে নিতে হবে। এতে ডিমের কুসুম, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ ও পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।
মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতের চাপে কাবাবের আকারে গড়ে নিতে হবে। এরপর ডিমের সাদা অংশে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় মেখে নিতে হবে।
ফ্রাইং প্যানে তেল গরম করে কাবাবগুলো দুই পিঠ বাদামি রঙ ধারণ করা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর ওপর রেখে অতিরিক্ত তেল ঝরিয়ে পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে হবে।
আজকের সিলেট/ডি/এসটি
লাইফস্টাইল ডেস্ক 








