তীব্র সমালোচনার মুখে অবশেষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে।
জানা যায়, নবঘোষিত ওই কমিটিতে স্থান পাওয়া জিল্লুর রহমান বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তার বড় ভাই ইউনুছ আলী তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও একই ইউনিয়নের চেয়ারম্যান।
বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যায় কমিটি ঘোষণার পরপরই বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। একাধিক বিএনপি নেতা বিষয়টি ‘গণবিরোধী ও দলীয় শৃঙ্খলাবিরোধী’ উল্লেখ করে অবিলম্বে বাতিলের দাবি তোলেন।
অবশেষে শনিবার দুপুর ২টার দিকে তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব সামাজিক মাধ্যমে সংশোধিত কমিটির প্যাড শেয়ার করে জানান, বিতর্কিত সেই নাম বাদ দেওয়া হয়েছে। তিনি ক্যাপশনে লেখেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড়দল দক্ষিণ ইউনিয়ন শাখা আহ্বায়ক কমিটি সংশোধিত।"
সংশোধিত তালিকায় দেখা যায়, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানের নাম আর নেই।
আজকের সিলেট/এপি
সংবাদদাতা 








