২০২০ সালের নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৬ PM

২০২০ সালের নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৬ ১০:৫৫:৩৯ AM

২০২০ সালের নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের


২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে একগুচ্ছ গোয়েন্দা নথি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই দাবি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর আগের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছে রয়টার্স।

ট্রাম্পের দাবি, নতুন করে অবমুক্ত করা গোয়েন্দা নথিতে যুক্তরাষ্ট্রের নির্বাচনী অবকাঠামোর গুরুতর দুর্বলতার চিত্র উঠে এসেছে। তিনি অভিযোগ করেন, চীন অবৈধভাবে প্রায় ২২ কোটি মার্কিন ভোটারের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এসব তথ্যের মধ্যে রয়েছে ভোটারদের নাম, ঠিকানা ও ভোটার নিবন্ধনসংক্রান্ত তথ্য।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সম্প্রদায়ের কিছু সদস্য ইচ্ছাকৃতভাবে চীনের কর্মকাণ্ডসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ করেন ট্রাম্প।

তবে ২০২১ সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার নিবন্ধন, ব্যালট, ভোট গণনা কিংবা নির্বাচনের ফলাফল পরিবর্তনের উদ্দেশ্যে কোনো বিদেশি শক্তি প্রযুক্তিগতভাবে হস্তক্ষেপ করেছে বা তাতে সফল হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ওই প্রতিবেদনটি তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক জন র‍্যাটক্লিফের নেতৃত্বে প্রস্তুত করা হয়েছিল। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে প্রতিবেদনে আরও বলা হয়েছিল, অন্তত ২০০৮ সাল থেকে চীন যুক্তরাষ্ট্রের ভোটার, জনমত, রাজনৈতিক দল, প্রার্থী ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করে আসছে। বিশ্লেষকদের ধারণা, নির্বাচনের ফলাফল বিশ্লেষণ ও পূর্বাভাস দেওয়ার উদ্দেশ্যেই এসব তথ্য সংগ্রহ করা হয়ে থাকতে পারে।

তবে সংশ্লিষ্ট দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, চীনের হাতে থাকা ভোটারদের তথ্য গোপনীয় ছিল না। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবেই এ ধরনের ভোটার তালিকা কিনে থাকে। ফলে এসব তথ্য ব্যবহার করে কোনো নির্বাচনের ফলাফল পরিবর্তন করা সম্ভব নয় বলে মনে করছেন তারা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বক্তব্যের আগে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছিলেন, চীনসংক্রান্ত এসব তথ্য প্রকাশ জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে।

এদিকে ট্রাম্পের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ চ্যাং বলেছেন, চীন কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও এমন কোনো পদক্ষেপ নেবে না।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর