ছাত্রদের কোনো ব্যবস্থা হয়নি, উপদেষ্টাদের সব কিছু হয়েছে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেছেন, চাকরির জন্য তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল। তরুণ প্রজন্মর চাকরি হয় নাই। উপদেষ্টাদের বাড়ি হয়েছে। উপদেষ্টাদের সব কিছু হয়েছে। বড় বড় মাফিয়াদের সব কিছু হয়েছে। ব্যবসা বাণিজ্য দখল হয়েছে। কিন্তু যারা যুব ছাত্র ভাই বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয় নাই। তরুণ প্রজন্মের কোনো চাকরি হয় নাই।
শনিবার দুপুরে মৌলভীবাজারে পদযাত্রা শেষে এক পথসভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যারা মিডিল ক্লাস ফ্যামেলি রয়েছে, তারা যখন সবজি কিনতে যান, তখন আর বাজেটে হয় না। কোনো কিছু কেনাকাটা না করে বাড়ি ফিরে যায়। এমন বাংলাদেশ আমরা চাই নাই। এনসিপির নেতৃত্বে জনগণের সরকার গঠন হলে ৬৪ জেলায় চাকরির ব্যবস্থা করবো।
নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, যে জনগণের ট্যাক্সের টাকায় প্রশাসন চলতে হয়, সেই প্রশাসন যদি জনগণের কল্যাণ করতে না পারে। এমন প্রশাসন বাংলাদেশে আমরা চাই না। দেশে ৫০ পার্সেন্টের কাছাকাছি তরুণ প্রজন্ম রয়েছে। মা-বাবার টাকা খরচ করে ইউনিভার্সিটি-কলেজে পড়াশোনা করে, যখন দেশে একটি চাকরির জন্য দ্বারে দ্বারে ঘোরাফেরা করতে হয়, এর চেয়ে কষ্টদায়ক আর কি হতে পারে।
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, সংগঠক সাদিয়া ফারজানা দীনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রমুখ।
আজকের সিলেট/ডি/এসটি
মৌলভীবাজার প্রতিনিধি 








