কোম্পানীগঞ্জে পাথরবোঝাই ট্রাক্টরের চাপায় পর্যটক নিহত
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩০ AM

কোম্পানীগঞ্জে পাথরবোঝাই ট্রাক্টরের চাপায় পর্যটক নিহত

সংবাদদাতা

প্রকাশিত: ০১/১১/২০২৫ ০২:১২:৫৯ PM

কোম্পানীগঞ্জে পাথরবোঝাই ট্রাক্টরের চাপায় পর্যটক নিহত


কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টরের চাপায় মো. জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটক নিহত হয়েছেন। তিনি জামালপুরের মোবারক চেয়ারম্যানের ছেলে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

শনিবার দুপুর ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে একটি পর্যটকবাহী সিএনজি অটোরিকশা সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে পৌঁছালে শাহ আরেফিন টিলার পাথরবাহী একটি ট্রাক্টর দ্রুতগতিতে মহাসড়কে উঠতে গিয়ে সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ ছয়জন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. জিয়াউল হককে মৃত ঘোষণা করেন। পরে বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন— সম্রাট (৩৭), তার স্ত্রী সুমাইয়া (২৮), মেয়ে সাওদা (১০), ছেলে সিনান (৮) এবং সিএনজি চালক রমজান আলী। এদের মধ্যে শিশু সিনানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম বলেন, নিহত জিয়াউল হক পরিবারসহ সিলেটে ঘুরতে এসেছিলেন। দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতদেরও সেখানে ভর্তি করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর