ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির একাংশ। শনিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে রাজপথ। দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক ঐক্য ও সতর্কতার ওপর গুরুত্ব দেন দলটির নেতারা।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির একাংশের উদ্যোগে আয়োজিত র্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরী এবং কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম।
সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস এবং জুলাইয়ের চেতনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই চেতনাকে ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
তাঁরা আরও বলেন, পরাজিত ফ্যাসিস্টরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। নিজেদের দুর্বলতার সুযোগে যাতে তারা দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
সকাল থেকেই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীদের অংশগ্রহণে দিরাইয়ের রাজপথ সরব হয়ে ওঠে। দিবসটি পালনে র্যালি ও আলোচনা সভায় তাঁদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
আজকের সিলেট/ জেকেএস
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








