দেশের বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকার ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েল। তিনি বলেছেন, এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয়ের বিকল্প নেই।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু তালহা তোফায়েল বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকার যেমন দায় এড়াতে পারে না, তেমনি রাজনৈতিক দলগুলোর মধ্যেও ঐক্য ও সমন্বয়ের বিকল্প নেই। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ও আদর্শের ভিন্নতা থাকতেই পারে। তবে ফ্যাসিবাদের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থে পারস্পরিক মতপার্থক্য দূরে রেখে সম্মিলিতভাবে কাজ করা সময়ের দাবি।
শুক্রবার বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ থানা বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ হোসাইন। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী। প্রধান আলোচক ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হোসাইন আহমদসহ স্থানীয় নেতারা।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে আগামী দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট উপজেলা ছাত্র জমিয়তের কমিটি ঘোষণা করেন আবু তালহা তোফায়েল।
আজকের সিলেট/ প্রতিনিধি / এপি









