বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

আ.লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দোয়ারাবাজার উপজেলা কৃষকলীগ নেতার

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ০৯:৩০:২৩ পূর্বাহ্ন

আ.লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দোয়ারাবাজার উপজেলা কৃষকলীগ নেতার


অসুস্থতাজনিত কারণ দেখিয়ে আওয়ামী লীগের রাজনীতিসহ সব ধরনের দলীয় কর্মকাণ্ড থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোহাম্মদ তাহের উদ্দিন। রোববার (২২ নভেম্বর) রাতে সুনামগঞ্জ পৌর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাহের উদ্দিন বলেন, তিনি মূলত একজন সাধারণ ব্যবসায়ী। সাধারণ জীবনযাপনের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তিনি দোয়ারাবাজার উপজেলা কৃষকলীগের (একাংশের) আহ্বায়ক এবং জেলা কৃষকলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিজের সামাজিক কর্মকাণ্ডের বিবরণ দিয়ে তিনি জানান, আমবাড়ি বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, আমবাড়ি বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং আমবাড়ি-গোপালপুর হেফাজতে ইসলাম মাদরাসার পরিচালনা কমিটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে তাহের উদ্দিন বলেন, বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসার পেছনেই তাঁকে অধিকাংশ সময় ব্যয় করতে হচ্ছে। পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য নিজের ব্যবসাপ্রতিষ্ঠানও দেখাশোনা করতে হয়। এসব কারণে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, ‘আমি আজকে থেকে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আমি আজকের পর থেকে দলের কোনো প্রকার পদে বা সাধারণ সদস্য হিসেবে নেই। এখন থেকে দলের সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না।’

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এখন থেকে নিজের পরিবার, ব্যবসাপ্রতিষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ড নিয়েই সময় কাটাতে চান।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর