নিজের অভাব-অনটন, ভাঙাচোরা ভাড়া ঘরে বসবাস কোনো কিছুই টলাতে পারেনি তাঁর সততা। প্রায় তিন ভরি স্বর্ণালংকারভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়েও নিজের কাছে না রেখে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছেন সুনামগঞ্জের চানাচুর বিক্রেতা আমির উদ্দিন (৩৫)। তাঁর এমন সততায় মুগ্ধ হয়ে পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা উপহার দিয়েছেন স্বর্ণালংকারের মালিক।
সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় ভ্যানগাড়িতে করে চানাচুর বিক্রি করেন আমির উদ্দিন। প্রতিদিনের মতো গত রোববার সন্ধ্যায়ও ব্যস্ত ছিলেন নিজের পেশায়। সন্ধ্যা পৌনে সাতটার দিকে হঠাৎ ভ্যানগাড়ির চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। ব্যাগটি কুড়িয়ে খুলে দেখেন, ভেতরে অন্যান্য জিনিসের সঙ্গে রয়েছে প্রায় তিন ভরি স্বর্ণালংকার।
চাইলেই ব্যাগটি নিজের কাছে রেখে দিতে পারতেন। কিন্তু অভাবের সংসারেও পরের সম্পদের প্রতি বিন্দুমাত্র লোভ জাগেনি তাঁর মনে। বরং কীভাবে প্রকৃত মালিকের কাছে ব্যাগটি পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টা শুরু করেন। অবশেষে প্রায় চার ঘণ্টার চেষ্টায় সন্ধান মেলে ব্যাগের মালিকের।
রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি প্রকৃত মালিক সজল তালুকদারের হাতে তুলে দেন আমির উদ্দিন। তাঁর এমন সততায় মুগ্ধ হয়ে পাঁচ হাজার টাকা উপহার দেন সজল।
সজল তালুকদার জানান, শহরের আবুল হোসেন রোডে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন তিনি। রোববার বিকেলে তাঁর স্ত্রী স্বর্ণের এক জোড়া চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি দোকানে যান। সঙ্গে ছিলেন সজল ও তাঁদের দুই শিশুসন্তান। কাজ শেষে আলফাত স্কয়ার হয়ে রিকশায় বাসায় ফেরেন তাঁরা। বাসার সামনে নেমে বুঝতে পারেন, স্ত্রীর হাতের ব্যাগটি নেই। কোথায়, কীভাবে ব্যাগটি হারিয়ে গেছে, তা বুঝতে পারছিলেন না কেউই।
এরপর দুই বন্ধুকে নিয়ে থানায় যান সজল। বিষয়টি পুলিশকে জানানোর পাশাপাশি নিজেরাও ব্যাগটির সন্ধান করতে থাকেন। একপর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান তিনি।
এদিকে সজলের দুই বন্ধু অন্য একটি রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে তাঁরা সজলের স্ত্রীর স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। তাঁদের রিকশার তরুণ চালক আবু সাইদ কথাটি শুনে জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়েছেন এবং সেটির মালিককে খুঁজছেন। এরপর সজলকে খবর দিয়ে বন্ধুরা আমির উদ্দিনের কাছে যান। সেখানেই মেলে হারানো ব্যাগের সন্ধান।
ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদও পাশে ছিলেন বলে জানান আমির উদ্দিন। স্বর্ণালংকার দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। পরে নিরাপত্তার কথা ভেবে ছেলেকে দিয়ে সেগুলো বাড়িতে পাঠিয়ে রাখেন।
আমির উদ্দিন বলেন, ‘সোনা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। পরে ছেলেরে দিয়া ঘরও পাঠাইছি সাবধানে রাখবার লাগি। আমার দোকানও রাখা নিরাপদ না, তিনবার দোকান চুরি অইছে।’
শহরের পশ্চিমবাজার এলাকার বাসিন্দা আমির উদ্দিনের নিজের কোনো বাড়িঘর নেই। সপরিবারে থাকেন একটি ভাঙাচোরা ভাড়া ঘরে। প্রতিদিন ভ্যানগাড়িতে চানাচুর বিক্রি করে চলে তাঁর সংসার। এমন অভাবের মধ্যেও কেন অন্যের সম্পদ নিজের করে নেওয়ার কথা ভাবলেন না—এমন প্রশ্নে তাঁর সহজ-সরল উত্তর, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’
আমির উদ্দিনের এই সততার প্রশংসা করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি বলেন, ‘থানায় জানানোর পর আমরা সজল তালুকদারের সঙ্গে লোক দিয়ে ব্যাগটির খোঁজ করি। পরে তাঁরা আমির উদ্দিনসহ থানায় আসে। আমির উদ্দিনকে ভালো লোক মনে হয়েছে। এ কারণে ব্যাগটি ফেরত পাওয়া গেছে।’
অন্যদিকে ব্যাগ ফিরে পেয়ে আমির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সজল তালুকদার। তিনি বলেন, ‘আমরা তিনটা মানুষ চার ঘণ্টা ব্যাগটা খুঁজছি। আমির উদ্দিন লোকটারে সরল মনে অইছে। টাকা নিতে চায়নি, জোর করে দিছি। আমার কাছে তখন এই টাকাই ছিল।’
তিন ভরি স্বর্ণালংকারের চেয়েও যে মানুষের সততা অনেক বেশি মূল্যবান, তা যেন আবারও প্রমাণ করলেন চানাচুর বিক্রেতা আমির উদ্দিন। অভাবের সংসারে প্রতিদিনের জীবনযুদ্ধে লড়াই করেও তিনি দেখিয়ে দিলেন, মানুষের প্রকৃত সম্পদ অর্থ-সম্পদ নয়, বরং সততা ও মানবিকতা।
আজকের সিলেট/ জেকেএস
সুনামগঞ্জ প্রতিনিধি 








