হবিগঞ্জের মাধবপুরে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকরা হলেন ঢাকা জেলার দক্ষিণ খান থানার উত্তর পাড়া ফায়জাবাদ মাদ্রাসা এলাকার মো. জহিরুল ইসলাম (২৫) ও লক্ষীপুর জেলার সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের মো. ফাহিম (২২)। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে স্থানীয় দুই দালাল পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুইজনকে আটক করে।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে মো. শিপন মিয়া (২২) ও কামাল মিয়ার ছেলে মো. হৃদয় (২০) পালিয়ে যায়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার ওসি জানান, অনুপ্রবেশকারী ও দালালদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
আজকের সিলেট/এপি
সংবাদদাতা 








