ঘর গোছানোর ৫ স্মার্ট উপায়
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:০০ AM

ঘর গোছানোর ৫ স্মার্ট উপায়

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০৯:৪২:২০ AM

ঘর গোছানোর ৫ স্মার্ট উপায়


পরিবারের নতুন সদস্যের আগমনে যেমন আনন্দ বাড়ে, তেমনি বাড়তে থাকে তার প্রয়োজনীয় জিনিসপত্রও। খেলনা, পোশাক, বই, সফট টয়, উপহার, ধীরে ধীরে এসব মিলিয়ে ঘরের একটি বড় অংশ দখল করে নেয়।

সন্তানের বেড়ে ওঠার প্রতিটি স্মৃতি ধরে রাখতে গিয়ে অনেক অভিভাবকই পুরোনো জিনিস ফেলে দিতে চান না। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ঘর হয়ে ওঠে অগোছালো। সব স্মৃতি ধরে রাখার চেষ্টা না করে প্রয়োজন অনুযায়ী জিনিস বাছাই করলে ঘর যেমন গোছানো থাকে, তেমনি অন্যেরও উপকার করা যায়।

ব্যবহার না হওয়া সফট টয় ও পুতুল আলাদা করুন
শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার পছন্দও বদলায়। একসময় প্রিয় থাকা অনেক পুতুল বা সফট টয় পরে আর ব্যবহার হয় না। ভালো অবস্থায় থাকা এসব খেলনা পরিষ্কার করে সংরক্ষণ করতে পারেন। চাইলে কোনো শিশু বা প্রতিষ্ঠানে দানও করতে পারেন।

ছোট হয়ে যাওয়া পোশাক ও জুতা গুছিয়ে রাখুন
শিশুরা দ্রুত বড় হয়। ফলে অনেক ভালো মানের পোশাক ও জুতা অল্প সময়েই ছোট হয়ে যায়। ব্যবহার উপযোগী থাকলে সেগুলো আত্মীয়-স্বজন, পরিচিত বা প্রয়োজন আছে এমন পরিবারের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে।

অপ্রয়োজনীয় খেলনা বেছে রাখুন
সব খেলনা শিশুর সমান প্রিয় হয় না। যেগুলো দীর্ঘদিন ব্যবহার হচ্ছে না, সেগুলো আলাদা করে রাখুন। এতে খেলনার স্তূপ কমবে, আবার অন্য কোনো শিশুর মুখেও হাসি ফোটানো সম্ভব হবে।

বই ও শিক্ষাসামগ্রী ছাঁটাই করুন
গল্পের বই, রং করার খাতা, শিক্ষাসামগ্রী কিংবা অন্যান্য টুকিটাকি জিনিসের অনেকগুলোই একটি নির্দিষ্ট বয়সের পর আর কাজে লাগে না। প্রয়োজনীয়গুলো রেখে বাকিগুলো গুছিয়ে সংরক্ষণ করুন বা অন্যের কাজে লাগার সুযোগ করে দিন।

বড় হয়ে গেলে ব্যবহার অযোগ্য জিনিস ছেড়ে দিন
ছোটদের সাইকেল, বয়সভিত্তিক খেলনা কিংবা অন্যান্য সরঞ্জাম অনেক সময় স্মৃতির কারণে ঘরেই পড়ে থাকে। কিন্তু এগুলো যদি আর ব্যবহার না হয়, তাহলে প্রয়োজন আছে এমন কারও হাতে তুলে দিলে যেমন ঘরে জায়গা বাড়বে, তেমনি জিনিসগুলোরও সঠিক ব্যবহার হবে।

অগোছালো নয়, হোক পরিপাটি ঘর
প্রতিটি স্মৃতিকে জিনিস দিয়ে ধরে রাখা সম্ভব নয়। বরং প্রয়োজনীয় কিছু স্মারক সংরক্ষণ করে বাকিগুলো বাছাই করলে ঘর থাকবে পরিচ্ছন্ন, আর ব্যবহারযোগ্য জিনিস পৌঁছে যাবে এমন কারও কাছে, যার সত্যিই তা প্রয়োজন। এতে একদিকে যেমন ঘর গোছানো থাকবে, অন্যদিকে ভাগ করে নেওয়ার আনন্দও পাওয়া যাবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর