মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে হাওয়া বেগম (৪০) নামে এক ভিক্ষুক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হাওয়া বেগম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা। শারীরিকভাবে প্রতিবন্ধী এই নারীর একটি হাত ছিল না। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরেই চলন্ত ট্রেনে ভিক্ষাবৃত্তিতে জড়িত ছিলেন বলে জানাযায়।
শনিবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যাওয়া রেলপথে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া অরণ্য অতিক্রম করার সময় চলন্ত ট্রেন থেকে হাওয়া বেগম নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনাকে ঘিরে চলন্ত ট্রেনে ভিক্ষাবৃত্তির নিরাপত্তা ঝুঁকি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নিয়েও প্রশ্ন তুলছেন সচেতন মহল।
আজকের সিলেট/এপি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 








