সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট এলাকায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে পাওয়া গেছে ৩৩৩টি ভারতীয় শাড়ি এবং ১,২৯০টি কসমেটিকস পণ্য।
বুধবার ভোরে পরিচালিত অভিযানে জব্দকৃত শাড়িগুলোর বাজারমূল্য আনুমানিক ৪৮ লাখ ৩৩ হাজার টাকা, এবং কসমেটিকস সামগ্রীর মূল্য ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকা। সবমিলিয়ে মোট পণ্যের মূল্য দাঁড়ায় ৫৫ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
এই অভিযানে অংশ নেন শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জামিলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও বিজিবির ২৮ ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবির পক্ষে দায়িত্বে ছিলেন সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারসহ ১৪ জন সদস্য।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তজুড়ে স্থল ও নৌপথে ১৯টি বিওপির সদস্যরা নিয়মিত টহল চালিয়ে যাচ্ছেন। আটককৃত পণ্যসমূহ শিগগিরই সুনামগঞ্জ শুল্ক অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
আজকের সিলেট/জেকেএস
সুনামগঞ্জ প্রতিনিধি 








