টানা ৮ দিন বন্ধ সরবরাহ, বিশুদ্ধ পানির সংকটে শত শত পরিবার
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৪ PM

টানা ৮ দিন বন্ধ সরবরাহ, বিশুদ্ধ পানির সংকটে শত শত পরিবার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৭:০৬:৪৮ PM

টানা ৮ দিন বন্ধ সরবরাহ, বিশুদ্ধ পানির সংকটে শত শত পরিবার


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রোলার ওয়াটার সাপ্লাই টানা আট দিন ধরে বন্ধ থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন কয়েকশ গ্রাহক। এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, পানি সরবরাহ বন্ধ থাকায় দূরের নলকূপ ও টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। অনেকেই প্রয়োজনের তাগিদে পুকুর বা নদীর পানিও ব্যবহার করছেন। এতে রান্নাবান্না, গোসলসহ নিত্যপ্রয়োজনীয় কাজে ভোগান্তি বাড়ছে। অনেক পরিবার টাকা দিয়ে পানি কিনে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, কেন পানি সরবরাহ বন্ধ রয়েছে এবং কবে চালু হবে, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তারা দ্রুত ত্রুটি শনাক্ত করে পানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান।

রানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরাও একই সংকটে রয়েছেন। ব্যবসায়ী মোতাহীর আলী, আকরাম হোসেন ও শাহেদ তালুকদার বলেন, বাজারের একমাত্র ওয়াটার সাপ্লাই বন্ধ থাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। দ্রুত সমাধান না হলে পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ার পাশাপাশি আমাদের ব্যাবসা করতেও প্রতিদিন ভোগান্তি পোহাতে হবে।

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, প্রায় ২০০ জন গ্রাহক বিল দিলেও বড় একটি অংশের বকেয়ার কারণে বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন ও পাম্পের রক্ষণাবেক্ষণ ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। ওয়াটার সাপ্লাই প্রকল্পে ৫ থেকে ৬শ গ্রাহক থাকলেও অনেকেই নিয়মিত বিল পরিশোধ করেন না। বিষয়টি সমাধানে গ্রাহকদের নিয়ে একাধিকবার বৈঠক হলেও সমাধান হয়নি। বিষয়টি আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গ্রাহকদের বকেয়া বিলের কারণে বিদ্যুৎ বিল পরিশোধে জটিলতা তৈরি হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে এবং শিগগিরই পানি সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর