গোয়াইনঘাট জাফলং চা বাগানে ইমাম উদ্দিন (৩৮) হত্যার ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানা পুলিশ ৯ জনকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলেন-জাফলং চা-বাগান এলাকার মনজ্জির আহমদের ছেলে কপিল উদ্দিন লিটন, স্বর্গীয় বসন্ত গোয়ালার ছেলে নিরঞ্জন গোয়ালা, শুধু প্রধানের ছেলে আক্কেল প্রধান, বীরেন ঘাটুয়ার ছেলে বিশ্বজিত, চুনিলাল কর্মকারের ছেলে চপ্পল কর্মকার, হৃদয় মৃধার ছেলে সঞ্জিত মৃধা, বীরেন রায়’র ছেলে কাজল রায়, মঙ্গল রায়ের ছেলে কাজল রায়, বাবুল কর্মকারের ছেলে সজীব কর্মকার।
মঙ্গলবার রাতে নিহতের পিতা হরমুজ আলী বাদী হয়ে কপিল উদ্দিন লিটনকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখ ও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত করে গোয়াইনঘাট থানায় এ হত্যা মামলা করেন।
এর আগে সোমবার রাতে চা বাগানে ইমাম উদ্দিনকে আটক করে মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে ইমাম উদ্দিনের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে জাফলং চা-বাগানের একটি কক্ষ থেকে ইমাম উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমাম উদ্দিন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।
গোয়াইনঘাট থানার ওসি সরকার মো. তোফায়েল আহমদ জানান, জাফলং চা-বাগানে হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। যার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার রেছে। বাকি আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আজকের সিলেট/এন.ই









