হবিগঞ্জের মাধবপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় প্রবাল বণিক (৪৪) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার দেবনগর এলাকা ধর্মঘর সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা ভারতীয় মালামালসহ তাকে আটক করে।
আটককৃত প্রবাল বণিক হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকার মৃত হরিদাস বণিকের ছেলে। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৪০০ ভারতীয় রুপি, ৩ হাজার ২০০ বাংলাদেশি টাকা, ১টি কষ্টিপাথর, বিভিন্ন রঙের ১৪৫টি আংটির পাথর এবং একটি ছোট ওয়েট মেশিন জব্দ করা হয়।
২৫ বিজিবি ব্যাটালিয়ন ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার আবু সিদ্দিক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় বিজিবি বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছে।
আজকের সিলেট/এপি









