হবিগঞ্জে ৫২ লাখ টাকার মাদক ও ভারতীয় শাড়ি জব্দ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৩৬ PM

হবিগঞ্জে ৫২ লাখ টাকার মাদক ও ভারতীয় শাড়ি জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ০৭:৫৫:০৯ PM

হবিগঞ্জে ৫২ লাখ টাকার মাদক ও ভারতীয় শাড়ি জব্দ


হবিগঞ্জ ব্যাটালিয়ন- ৫৫ বিজিবি গত চার দিনে ৭টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, মদ, সিগারেট এবং বিভিন্ন প্রকার দামি শাড়িসহ ৫১ লাখ ৯৩ হাজার ২৫০ টাকা মূল্যের পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।

সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বড় ধরনের চোরাচালান সংঘটিত হতে পারে। এরই প্রেক্ষিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির একটি টহল দল কৌশলগত অবস্থান নেয়। এ অভিযানে ৪০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। যার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।

এছাড়া, জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও বাল্লা বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি ভারতীয় গাঁজা, ৪ বোতল মদ এবং বিপুল পরিমাণ দামি শাড়ি জব্দ করে। যার মূল্য ৪৯ লাখ ৪৩ হাজার টাকা।

পাশাপাশি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও মনতলা বিওপির টহল দল পৃথক অভিযানে ২৪.৫ কেজি ভারতীয় গাঁজা ও ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার মূল্য ১ লাখ ১৪ হাজার ২৫০ টাকা।


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দলও চোরাচালানবিরোধী অভিযানে ৬ কেজি ভারতীয় গাঁজা ও ১টি বাইসাইকেল আটক করে। যার মূল্য ২৬ হাজার টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও জনগণের আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য সীমান্ত সুরক্ষার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে, যা দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে। জব্দ করা সব পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

উল্লেখ্য, চলতি আগস্ট মাসে ৫৫ বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে এ পর্যন্ত ৩৪ লাখ ৫০ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও পণ্য আটক হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর