পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন ও প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র না থাকায় সিলেট বিভাগের ১১টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার পরিচালিত এ অভিযানে হোটেল, ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মতো বিভিন্ন প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়েছে।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, সিলেট শহরের রোজ ভিউ হোটেল, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, মেসার্স জালালাবাদ ক্লিনিক, আহমেদ প্যাথলজি ইনস্টিটিউট, মাউন্ট এভারেস্ট হসপিটাল, খাদিমনগরে অবস্থিত- সার্কেল এলাইড লিমিটেড ও গ্যালাক্সি প্যাথলজি ল্যাবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।
মৌলভীবাজারে অবস্থিত বড়লেখা, ডায়াবেটিকস হার্ট কেয়ার অ্যান্ড মেডিকেয়ার সার্জিকেল, হাই টেক ফাউন্ডেশন, লাইফ ওয়াচ ডায়াগনস্টিক সেন্টার ও মাদানী ডায়াগনস্টিক সেন্টারকেও জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানভেদে জরিমানার পরিমাণ ১৫ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে ছিল।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, আমরা নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
আজকের সিলেট/এপি









