লুট ও চুরি হওয়া সাদাপাথর খোঁজতে ছাতকে অভিযান
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৩৩ AM

লুট ও চুরি হওয়া সাদাপাথর খোঁজতে ছাতকে অভিযান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ০৭:৪২:০৪ PM

লুট ও চুরি হওয়া সাদাপাথর খোঁজতে ছাতকে অভিযান


সুনামগঞ্জের ছাতকে নৌপথে কাটাগাঙ দিয়ে সাদাপাথর পাচার রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার দুপুর ২টা পর্যন্ত ইচাকলস, তাতিকোনা বৌল্লা, পেপার মিল, শিববাড়ী, গণেশপুর ও গোয়ালগাঁওসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চলে। 

অভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তরিকুল ইসলাম। এ সময় ছাতক সেনাক্যাম্পের ক্যাপ্টেন ফারাবী, ওয়ারেন্ট অফিসার ফেরদৌস আহমেদ, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আখন্দ এবং নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে অভিযান জোরদারের নির্দেশ আসে। সেই নির্দেশনা অনুযায়ী আজ যৌথ বাহিনী অভিযান চালায়। আজকের পর যদি কেউ এই পথ ব্যবহার করার চিন্তাও করে, তবে তা হবে তার বড় ভুল। অভিযান অব্যাহত থাকবে।”

ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আখন্দ জানান, আমরা বিষয়টি নিয়ে সর্বোচ্চ তৎপর রয়েছি। কারও কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে অংশ নেওয়া সেনাক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন ফারাবী ও ওয়ারেন্ট অফিসার ফেরদৌস আহমেদ বলেন, উপজেলা প্রশাসনের নেতৃত্বে তাঁরা সক্রিয়ভাবে সাদা পাথর উদ্ধারে কাজ করছেন।

এ বিষয়ে ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শামছু মিয়া বলেন, নদীপথে সাদা পাথর ছাতকে আসছে,এমন কোনো প্রমাণ আমরা পাইনি। আমাদের সদস্য ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে, কেউ যেন সাদা পাথর মজুত না রাখেন। কেউ আনলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হবে।

ছাতক ইউএনও তরিকুল ইসলাম বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। 

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, এ ধরনের তথ্য পেলে দয়া করে আমাদের জানানোর ক্ষেত্রে পিছপা হবেন না।

প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের আবারও সতর্ক করে বলা হয়েছে-কেউ যেন সাদা পাথর মজুত না করেন, আর কেউ এনে থাকলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করতে হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর