বিশ্বনাথ-রশিদপুর-সিলেট সড়কের বাওনপুর নামক স্থানে অটোরিক্সা সিএনজি ও মাইক্রেবাসের মুখোমুখি সংঘর্ষে অটো চালক নিহত হয়েছে। নিহত অটো চালকের নাম এহিয়া (৩০), সে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত জাহিদ মিয়ার পুত্র।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন দুই নারীসহ এক পুরুষ। প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাটিয়েছেন। তবে আহতদের তাৎক্ষণিক কোনো পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা অটোরিক্সা সিএনজি ও বিশ্বনাথ থেকে ছেড়ে যাওয়া মাইক্রো (ঢাকা মেট্টো-চ-১৫-২৮০১) গাড়িটি বাওনপুর আসামাত্রই মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিক্সা সিএনজির একটি রড চালকের মাথায় ঢুকে ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় অনেকক্ষণ সড়কে যান চলাচল করতে পারেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠায়। দুমড়ে-মুছড়ে যাওয়া দুটি গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অটোচালকের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌছেননি।
বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, একটি সিএনজি অটোরিক্সা ও একটি মাইক্রো মুখোমুখি সংঘর্ষে অটো চালক ঘটনাস্থলেই মারা যায়। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সংবাদদাতা 








