সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দারাম হাওরে নৌকাডুবিতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বৃদ্ধ সামসুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও সন্ধান পাওয়া যায়নি একই ঘটনায় নিখোঁজ হওয়া ৭ বছরের শিশু নুসরাতের।
রোববার সকাল ১১টার দিকে সামছুদ্দিনের মরদেহ হাওরে ভাসতে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে হাওর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
তবে শিশু নুসরাতকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও পুলিশ। নুসরাত কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, কনে দেখতে গিয়ে শনিবার দুপুরে উপজেলার দারাম হাওরে নৌকাডুবির শিকার হন উপজেলার কেশবপুর কান্দাপাড়া গ্রামের একই পরিবারের ৭ জন। স্থানীয়দের সহযোগিতায় ৫ জনকে উদ্ধার করা হলেও পানিতে ডু্বে নিখোঁজ হন বৃদ্ধ সামসুদ্দিন ও নুসরাত নামে ৭ বছরের এক শিশু। নুসরাতকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
আজকের সিলেট/এপি









