এবার সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:২২ PM

এবার সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ০৮:১৫:৫৭ PM

এবার সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ


হামের পর এবার সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে আটজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে তিনজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সিলেটের নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে একজন এবং মাউন্ট এডোরা হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরে বিভাগের চার জেলার মধ্যে সর্বোচ্চ ৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন হবিগঞ্জে। এছাড়া সুনামগঞ্জে ১৬ জন, সিলেটে ১৫ জন এবং মৌলভীবাজারে আটজন শনাক্ত হয়েছেন।

অন্য জেলা থেকে আগত রোগী শনাক্ত হয়েছেন তিনজন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোণা ও বরিশাল জেলার বাসিন্দারা রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্ষা মৌসুম শুরু হওয়ায় এডিস মশার প্রজনন বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে গুরুত্ব দিতে হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর