সুনামগঞ্জে চোরাকারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ছাতক থানার ওসি শফিকুল ইসলাম এমন তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- টেংগারগাও এলাকার জয়নাল মিয়া (৩২), আক্তার মিয়া (২৭), মিলন মিয়া (২৫), মো. সাইমন মিয়া (২২), আলেয়া বেগম (৫০), বেদেনা বেগম (৫০)।
পুলিশ সূত্র জানায়, ছাতকের সুরমা সেতু এলাকায় গত ১৮ জুলাই ভারত থেকে অবৈধভাবে আনা ১৯ লাখ টাকার পণ্য জব্দ করেন সেনাবাহিনীর সদস্যরা। পরে এ ঘটনায় ছাতক পৌর শহরের টেংগেরগাঁও এলাকার বাসিন্দা শাহীন আহমদসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হয়। পুলিশ সোমবার রাতে ওই মামলার আসামি ধরতে পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের চেঙ্গারগাঁও এলাকায় যায়। সেখানে যাওয়ার পর ওই এলাকার বাসিন্দা মামলার আসামি শাহীন আহমদ ও তার সহযোগীরা পুলিশকে ঘিরে ধরে।
একপর্যায়ে পুলিশ আসামিদের ধরতে চাইলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতের পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সাহাব উদ্দিন ও কনস্টেবল মোস্তাক আহমদ আহত হন। খবর পেয়ে থানা থেকে আরও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে সাহাব উদ্দিনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মোস্তাক আহমদকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করে।
এদিকে পুলিশের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার সকালে ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) রুমেন মিয়া বাদী হয়ে ১২ জনের নামোল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে একটি মামলা করেন।
ছাতক থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, চোরাকারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। তবে যে বা যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সংবাদদাতা 








