কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে।
শনিবার বেলা দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে জানা গেছে। এর আগে শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।
কানাইঘাট উপজেলার পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতরা হলেন, জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। আহতদের পুরো পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে চোরাচালানের কাজে ভারত সীমান্তে প্রবেশ করেন আব্দুর রহমানসহ কয়েকজন। এসময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান আব্দুর রহমান। শনিবার দুপুর পর্যন্ত মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, এরকম সংবাদ আমরা পেয়েছি। শুক্রবার রাত থেকে মরদেহ শনাক্ত ও ঘটনার সত্যতা নিশ্চিত করতে কাজ করছি।
আজকের সিলেট/স্টাফ/এন.ই









