ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে সিলেটের বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় পৌরশহরের দক্ষিণ বাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। স্থানীয় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অংশগ্রহণে এ মিছিল পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দক্ষিণ বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক তাজ উদ্দিন, সদস্য সচিব সোহেল আহমদ, বিয়ানীবাজার উপজেলা সদস্য সচিব পঙ্কজ কুমার চৌধুরী, পৌর সদস্য সচিব রুহুল আমিন, সংগঠনের নেতা বিবেকানন্দ দাস বিবেক, সিলেট জেলা যুব অধিকার পরিষদের সহ-সাধারণ সম্পাদক অলিউর রহমান, আব্দুস ছালাম লেন্সু, জিয়াউর রহমান, নারী অধিকার পরিষদ বিয়ানীবাজারের আহ্বায়ক রাবেয়া বেগম ও গোলাপগঞ্জ উপজেলা সদস্য সচিব দিলারা আলী শিমু।
বক্তারা অভিযোগ করেন, সেনাবাহিনী ও পুলিশ আওয়ামী লীগের সহযোগী হয়ে নুরুল হক নূরের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তারা বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের সূচনা হয়েছিল নূরের নেতৃত্বে। অথচ এখনও জনগণের ওপর দমন-পীড়ন চলছে।
সমাবেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ও দলীয় চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। একইসঙ্গে চিকিৎসাধীন নুরুল হক নূরসহ আহত নেতাদের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সংবাদদাতা 








