সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকা থেকে মো. সামছুল আবেদীন (৩১)নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌর এলাবার ইকড়ছই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
সোমবার দুপুরের দিকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সামছুল আবেদীনের বোন ফাতেমা বেগম ঘরের দ্বিতীয়তলায় তার কক্ষে গিয়ে নাস্তা দেন। সকাল সাড়ে ১১টার দিকে তার মা সুরভী বেগম গিয়ে দেখেন গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে সামছুল। তাৎক্ষণিক তার মা চিৎকার দিলে পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত সামছুল আবেদীন মানসিক বিকারগ্রস্ত ও নেশাগ্রস্ত ছিল।
জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল করে। লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








