সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বিয়ানীবাজারবাসীর জন্য দুই সুখবরের ঘোষণা দিয়েছেন।
তিনি জানিয়েছেন, দীর্ঘদিন আটকে থাকা বহরগ্রাম-শিকপুর সেতুর নির্মাণকাজ শিগগিরই আবার শুরু হবে। জমি সংক্রান্ত জটিলতাসহ নানা বাধা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
এছাড়া বন্ধ হয়ে যাওয়া বিয়ানীবাজার সরকারি কলেজের চারতলা ভবনের কাজ দ্রুত শেষ করতে অতিরিক্ত ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যক্রম শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সেলিম উদ্দিন।
পৌরসভা এলাকার ২৬টি প্রকল্প বাস্তবায়নের কার্যক্রমও এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। এলাকার উন্নয়নে এসব প্রকল্পে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন বলে দাবি করেন জামায়াত নেতা।
বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসায় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় নানা সমস্যা সমাধান ও সমসাময়িক রাজনীতি নিয়েও বক্তব্য রাখেন তিনি।
বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, পৌর আমীর কাজী জমির হোসাইন এবং জামেয়া ইসলামিয়ার অধ্যক্ষ রুকন উদ্দিনসহ স্থানীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সংবাদদাতা 








