সুনামগঞ্জ সড়কে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৬ PM

সুনামগঞ্জ সড়কে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সংবাদদাতা

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০১:৩৯:২৩ PM

সুনামগঞ্জ সড়কে কার-মোটরসাইকেল সংঘর্ষে  নিহত ২


সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা প্রশাসনের দুই কর্মচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি সাউদেরগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের ছেলে ছমিরুল হক জুয়েল (৩৮) এবং সুনামগঞ্জ সদর উপজেলার হাছননগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ছব্দর আলী (৩৭)। তারা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রসেসিং সার্ভার পদে কর্তব্যরত ছিলেন। 

শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, সরকারি ডাকপত্র বিলি করতে গিয়ে তারা মোটরসাইকেলযোগে জগন্নাথপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে জয়কলস এলাকায় তাদের মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জুয়েল মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় ছব্দর আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে সিলেটে নেওয়ার পথে তিনিও মারা যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে গুরুতর অবস্থায় সিলেটে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়।

জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, নিহত জুয়েল মিয়া ও শব্দর আলী দুজনই জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারক পদে কর্মরত ছিলেন। সরকারি দায়িত্ব পালনকালে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর