বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, অপ-সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ চলছে। এজন্য সাংবাদিকতার শিক্ষাগত যোগ্যতা অন্তত স্নাতক ডিগ্রি পাস নির্ধারণ করে নীতিমালা প্রণয়ন করে সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘হলুদ সাংবাদিকতা সমাজের জন্য ক্ষতিকর। এ থেকে মুক্তি পেতে হলে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে সাংবাদিকতা করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের দক্ষতা অর্জনে নিয়মিত পড়াশোনা করা জরুরি।’
রোববার সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌরসভার সভাকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন ও শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক নৃপেন্দ্র বিশ্বাস।
উক্ত মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 









