ইট পাথরের দেয়াল থেকে বের হয়ে উন্মুক্ত প্রকৃতি আর সবুজ জল রাশির সঙ্গে মেতে উঠতে ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতশত পর্যটক এসে ভিড় জমিয়েছেন। প্রকৃতি আর উৎসুক পর্যটকদের দেখলে মনে হয় যেন সমুদ্রের কাছাকাছি তারা। এমনটি দেখা যায় দেশের বৃহত্তম হাওর মৌলভীবাজার’র হাকালুকিতে। হাকালুকির মুলায়েম বাতাস আর বিশালতায় যেন মুগ্ধ হয়েছেন পরিবারের সদস্যদের নিয়ে আসা অসংখ্য নারী পুরুষ।
হাকালুকির জিরো পয়েন্ট থেকে স্পিটবোট, নৌকা ও স্টিমার নিয়ে ছুটে চলছেন হাওরের মধ্যখানে অবস্থিত ওয়াচ টাওয়ার উপভোগ করতে। ওয়াচ টাওয়ারে উঠে পর্যটকদের নাচতে গাইতে ও ছবি তুলতে দেখা যায়।
বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকরা মনমুগ্ধকর এ জায়গাটির প্রশংসা করার পাশাপাশি নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, প্রকৃতি উপভোগ করলাম ঠিকই। কিন্তু এখানে কোনো ভালো রেস্তোরাঁ, পরিচ্ছন্ন ওয়াশরুম এবং থাকার কোন হোটেল নেই।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে আসা মাহদি হাসান ও মাসুম আহমেদ বলেন, হাকালুকির বিশালতা আর নির্মল বাতাসে মন প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু ভালো কোন ওয়াশরুম, রেস্তোরা ও আবাসিক হোটেল না থাকায় আমাদের মত দূর দূরান্তের পর্যটকরা এখানে এসে বিপাকে পড়েছেন। এই সমস্যা গুলি দ্রুত সমাধান করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
আজকের সিলেট/ডি/এসটি









