সিলেট-জকিগঞ্জ সড়কে আবারও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে মালিক নাহার মেমোরিয়াল কলেজ সংলগ্ন যাত্রী ছাউনির সামনে সিএনজি অটোরিকশা ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাজার উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী দুটি যানবাহন বিপরীত দিক থেকে এসে মুখোমুখি ধাক্কা খেলে সিএনজিতে থাকা ওই ছাত্রী রক্তাক্ত হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে আহত ছাত্রীর নাম-পরিচয় পাওয়া যায়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে-তার অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত সিএনজি ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
জকিগঞ্জ প্রতিনিধি 








