কোম্পানীগঞ্জে শাহেদ আহমদ (১৯) নামের এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জের জুবায়ের হোসেন (২৫) এবং জয়নুদ্দিন ওরফে জয়নুল (৪২)।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ গেট-সংলগ্ন পুলিশের চেকপোস্টে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে বর্নি হাইটেক পার্কে নিজের প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন শাহেদ। এ সময় জুবায়ের ও জয়নুল তাঁদের আটকান এবং বলেন, ‘এখানে প্রেমটেম করা যাবে না। করতে চাইলে চাঁদা লাগবে।’ এ সময় দুজনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান শাহেদ। একপর্যায়ে চাঁদা না পেয়ে তাঁরা শাহেদকে জোর করে ধরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে ভোলাগঞ্জের দিকে রওনা হন। উপজেলা পরিষদ গেটের কাছে পৌঁছামাত্র পুলিশের চেকপোস্ট দেখে চিৎকার করেন শাহেদ। পুলিশ ধাওয়া দিয়ে লাছুখাল ব্রিজে অটোরিকশাটি আটকায় এবং অপহৃতকে উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








