সিলেটের তামাবিলের আসামপাড়া এলাকায় ডিআই পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত শিশু সাদিয়া আক্তার (৫)।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকযোগে আসামপাড়া গুচ্ছগ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ইজিবাইকটি সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া সেতু অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ডিআই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তারা গুরুতর আহত হন।
আহতরা হলেন, বাওনহাওড় গ্রামের খলিলুর রহমানের কন্যা সাদিয়া আক্তার (৫), তার ভাই মাহিন (৩) এবং ডুলটিপাড় গ্রামের বিলাল মিয়ার ছেলে সাদ্দাম (৩৫)।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত সাদিয়া ও মাহিনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাদিয়া আক্তার (৫)।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ডিআই পিকআপটি আটক করে তামাবিল হাইওয়ে পুলিশ।
তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জিম্মায় নিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি 








