সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবির) একাধিক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একজনকে আটক করা হয়েছে। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকা ও দুইটি ট্রাক জব্দ করা হয়েছে।
শুক্রবার ও শনিবার সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি।
বিজিবি জানায়, সিলেটের সীমান্তবর্তী সোনারহাট, উৎমা, শ্রীপুর, সংগ্রাম, বিছনাকান্দি, বাংলাবাজার এবং সোনালীচেলা বিওপি (বর্ডার আউট পোস্ট) এর আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর সহায়তায় চোরাচালানে ব্যবহৃত দুটি ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফুচকা, ও অরিও বিস্কুট জব্দ করে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮-বিজিবির) অধিনায়ক জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এই সফল অভিযান পরিচালিত হয়েছে।
আটককৃত আসামিকে ভারতীয় মাদকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দকৃত অন্যান্য চোরাচালানী মালামাল সংশ্লিষ্ট বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।
আজকের সিলেট/এপি









