জৈন্তাপুরে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ১৮ লাখ টাকার ১০টি ভারতীয় মহিষ জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বৃহস্পতিবার সকালে উপজেলার সারিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০টি মহিষ উদ্ধার করা হয়, যেগুলো পাচারের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
জব্দকৃত মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। বিজিবি জানিয়েছে, প্রাণীগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত আছে।”
স্থানীয়দের মতে, বিজিবির এমন কার্যকর অভিযান সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও মজবুত হয়েছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
ইমাম উদ্দিন, জৈন্তাপুর থেকে 








