কানাইঘাট উপজেলায় ডাকাতির সময় বাঁধা দেয়ায় আব্দুল হান্নান (৫৫) নামে এক গৃহকর্তাকে খুনের ঘটনা ঘটেছে। তিনি বাখালছড়া গ্রামের মৃত শফিকুল হকের ছেলে।
রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, আব্দুল হান্নান হানাই ছেলেকে বিদেশে পাঠানোর জন্য জমি বিক্রি করে সেই টাকা ঘরে রেখেছিলেন। পার্শ্ববর্তী বাখালছড়া এলাকার চিহ্নিত ডাকাতচক্র ফারুক ডাকাত ও তার বাহিনী রবিবার ভোররাত ৪টার দিকে তার বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতির সময় আব্দুল হান্নান হানাই তাদের প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর হান্নানের স্ত্রী, সন্তান ও ভাই তাকে আহত অবস্থায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে কানাইঘাট থানার পুলিশকে খবর দিলে তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, খুনের খবর পাওয়ার পরপরই তথ্য নিয়ে খুনিদের ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।
আজকের সিলেট/ডি/এসটি
কানাইঘাট প্রতিনিধি 








