রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

টেকসই আবাসন সংস্কৃতির ওপর গুরুত্ব দিলেন ভিসি জহিরুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১১/২০২৬ ০৯:৩৬:৫৮ অপরাহ্ন

টেকসই আবাসন সংস্কৃতির ওপর গুরুত্ব দিলেন ভিসি জহিরুল হক


সিলেটের ঐতিহ্যবাহী ব্যাটন ঘর সংরক্ষণ এবং পরিবেশবান্ধব নির্মাণশৈলীর গুরুত্ব তুলে ধরতে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসানের তত্ত্বাবধানে আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল ‘ট্র্যাডিশনাল ব্যাটন হাউজেস অব সিলেট: প্রিজারভিং হেরিটেজ এন্ড প্রটেক্টিং এনভায়রনমেন্ট’।

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের এলএল.বি. (অনার্স) প্রোগ্রামের ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশ আইন কোর্সের মূল্যায়নের অংশ হিসেবে এ সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। শেখ খাদিজা মাহজাবিনের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন নূরাহ শহীদ জোয়ার্দার ও বুশরা করিম মিথিলা।

সেমিনারে সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী বাংলা ব্যাটন হাউসের ইতিহাস, স্থাপত্যশৈলী, পরিবেশগত গুরুত্ব এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাংলা ব্যাটন হাউস ও আসাম ধরনের বাড়ির ঐতিহাসিক সম্পর্কও তুলে ধরা হয়। আলোচনায় বলা হয়, আসাম অঞ্চলে বিকশিত ঐতিহ্যবাহী নির্মাণশৈলী স্থানীয় আবহাওয়া, ভৌগোলিক পরিবেশ, নির্মাণসামগ্রী ও মানুষের জীবনযাত্রার সঙ্গে অভিযোজিত হয়ে সিলেটে বাংলা ব্যাটন হাউসের স্বতন্ত্র রূপ পেয়েছে। মূলত দুটি একই ঐতিহাসিক স্থাপত্যধারার সঙ্গে সম্পর্কিত পৃথক রূপ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ঐতিহাসিকভাবে সিলেট ও আসাম অঞ্চলের দীর্ঘদিনের ভৌগোলিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক যোগাযোগ এ স্থাপত্যরীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই বাংলা ব্যাটন ঘর শুধু আবাসিক স্থাপনা নয়, বরং এ অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি, স্থানীয় কারিগরি জ্ঞান ও মানুষের জীবনযাপনের গুরুত্বপূর্ণ সাক্ষ্য।

তিনি বলেন, ‘ব্যাটন ঘর বা আসাম টাইপ ঘরকে আমরা সিলেট টাইপ ঘর বলা যুক্তিযুক্ত। ঐতিহ্যবাহী সিলেট টাইপ ঘর কেবল একটি আবাসস্থল নয়; এটি আমাদের লোকজ স্থাপত্য, জীবনবোধ, সৃজনশীলতা এবং পরিবেশবান্ধব সংস্কৃতির প্রতীক। আধুনিকায়ন মানেই অতীতকে পরিত্যাগ করা নয়। বরং ঐতিহ্যকে ধারণ করে আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয় ঘটানোই প্রকৃত উন্নয়ন। আমরা যেন আধুনিকতার নামে আমাদের নিজস্ব স্থাপত্য ঐতিহ্য হারিয়ে না ফেলি। বরং ঐতিহ্যকে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিবেশবান্ধব, নান্দনিক ও টেকসই আবাসন সংস্কৃতি গড়ে তুলতে হবে।’

সেমিনারে জানানো হয়, ঐতিহ্যবাহী এসব বাড়িতে কাঠের কাঠামো, বাঁশ, ইকরা বা স্থানীয়ভাবে পাওয়া উদ্ভিজ্জ উপকরণ, ঢালু ছাদ, প্রশস্ত বারান্দা এবং পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা থাকে। সিলেটের অতিবৃষ্টি, আর্দ্রতা ও ভূপ্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এসব বৈশিষ্ট্য গড়ে উঠেছে। বিশেষ করে হালকা নির্মাণসামগ্রী ও নমনীয় কাঠামোগত বৈশিষ্ট্যের কারণে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে এ ধরনের ঐতিহ্যবাহী নির্মাণপ্রযুক্তির গুরুত্ব রয়েছে।

আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান গাজী সাইফুল হাসান বলেন, স্থানীয় উপকরণ ও প্রাকৃতিক পরিবেশকে বিবেচনায় রেখে গড়ে ওঠা এ স্থাপত্যরীতি পরিবেশবান্ধব নির্মাণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আধুনিক স্থাপত্যে জ্বালানি সাশ্রয়, প্রাকৃতিক আলো-বাতাসের ব্যবহার এবং জলবায়ু-সহনশীল নির্মাণের যে ধারণা গুরুত্ব পাচ্ছে, ঐতিহ্যবাহী বাংলা ব্যাটন হাউসের নির্মাণশৈলীতেও তার অনেক বৈশিষ্ট্য রয়েছে।

তিনি আরও বলেন, সময়ের পরিবর্তন, দ্রুত নগরায়ণ, আধুনিক বহুতল ভবনের বিস্তার এবং যথাযথ সংরক্ষণ উদ্যোগের অভাবে সিলেটের ঐতিহ্যবাহী এসব স্থাপনা ক্রমেই হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ছে। পুরোনো বাড়ি ভেঙে নতুন স্থাপনা নির্মাণের প্রবণতায় শুধু স্থাপত্যিক নিদর্শনই বিলুপ্ত হচ্ছে না, হারিয়ে যাচ্ছে স্থানীয় নির্মাণজ্ঞান, কারিগরি দক্ষতা এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত সাংস্কৃতিক স্মৃতিও।

সেমিনার শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান গাজী সাইফুল হাসান প্রদর্শনী ঘুরে দেখেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর