ক্যাটরিনার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ PM

ক্যাটরিনার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ০৮:০১:২৮ AM

ক্যাটরিনার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ


ভারতের অন্যতম প্রভাবশালী ও ধনী ব্যবসায়ী পরিবার আম্বানিদের একটি আয়োজনে স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মা হওয়ার পর তার শারীরিক পরিবর্তন এবং ওজন বৃদ্ধি নিয়ে একশ্রেণীর মানুষ দ্বারা কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে।

বেশ কিছু নেটিজেন ক্যাটরিনার বর্তমান চেহারার সঙ্গে তার পুরনো ছবির তুলনা টেনে- ক্যাটরিনা শেষ হয়ে গিয়েছেন কিংবা রেখার চেয়েও বয়স্ক দেখাচ্ছে- এমন সব মন্তব্য করতেও পিছপা হননি।

তবে অভিনেত্রীর এই বডি শেমিংয়ের বিরুদ্ধে দ্রুত সোচ্চার হয়েছেন তার অগণিত অনুরাগী। ট্রোলারদের যোগ্য জবাব দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হয়েছেন বিভিন্ন ক্রিয়েটর ও সাধারণ নেটিজেনরা। ‘স্টোরিসেলারকমিক্স’ নামের অ্যাকাউন্ট থেকে হর্ষবীর জৈন নামের এক কনটেন্ট ক্রিয়েটর ট্রোলারদের উদ্দেশে যা লেখেন, তা মন জয় করেছে হৃতিক রোশনেরও।

নিজের কৈশোরের স্মৃতির কথা মনে করে হর্ষবীর জৈন প্রথম স্লাইডে লেখেন, পুরো কৈশোর জুড়ে ক্যাটরিনা কাইফ ছিলেন আমার ক্রাশ। ওকে এক ঝলক দেখার জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে সফর করেছি।

খবরের কাগজের কাটিং থেকে সিনেমার পোস্টার জমিয়ে রাখতাম, এমনকি ওর ছবি মানিব্যাগেও রাখতাম। শুধু ও অভিনয় করছে বলেই বহু সিনেমা দেখেছি। আজ যখন কোনও ট্রোলার বলে যে সন্তান হওয়ার পর ওজন বাড়ার কারণে ওর ক্যারিয়ার শেষ হয়ে গেছে, তখন সেই ট্রোলারের প্রতি কেবল করুণাই হয়।

পরের স্লাইডে নতুন প্রজন্মের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি যোগ করেন, যদি আপনি এমন কোনও কিশোর হন, যে ক্যাটরিনার ওজন বৃদ্ধি নিয়ে কমেন্ট করার জন্য আপনাকে কেন সবাই ‘ট্রোল’ বলছে বুঝতে পারছেন না, তবে জেনে রাখুন- তিনি একজন মা। ওর একটি সফল ব্যবসা রয়েছে। ব্যক্তিগত ও পেশাগতভাবে তিনি সফল জীবনের দৃষ্টান্ত। আপনার কমেন্টে তার কিছুই যায় আসে না, ওর কাছে আপনি সাধারণ কেউ নন। কিন্তু আপনার চারপাশের নারীরা আপনার এই মন্তব্য দেখলে আঘাত পাবেন এবং আপনাকে নারী-বিদ্বেষী মনে করবেন। আশা করি আপনি দুটির কোনওটাতেই অংশ হতে চান না।

এই আবেগঘন ও যুক্তিসহ পোস্টটি ইতোমধ্যেই ভাইরাল। অনেক মানুষ ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে বডি শেমিংয়ের মতো মানসিকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ক্যাটরিনার সমর্থনে পোস্ট করা এই বিশেষ বার্তাটি নজর কাড়ে তারকা হৃতিক রোশনেরও।

‘ব্যাং ব্যাং’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’সহ একাধিক সিনেমায় ক্যাটরিনার সঙ্গে অভিনয় করেছেন হৃতিক। ক্যাটরিনার সহ-অভিনেতা এই বিতর্কে প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও নিঃশব্দে সেই পোস্টটিতে ‘লাইক’ দিয়ে অভিনেত্রীর প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছেন।

অনুরাগীরা মনে করিয়ে দিয়েছেন, গত ২০২৫ সালের নভেম্বরেই ক্যাটরিনা তার প্রথম সন্তান বিহানের জন্ম দিয়েছেন। একজন ৪৩ বছর বয়সী নারী মা হওয়ার পর তার শরীরে পরিবর্তন আসাটাই স্বাভাবিক নিয়ম।

এক অনুরাগী ক্ষোভ প্রকাশ করে লেখেন, তার ৪০০ কোটি টাকার সফল ব্যবসা রয়েছে, একজন চমৎকার জীবনসঙ্গী, সুন্দর সন্তান আর এক অসামান্য ফিল্মি ক্যারিয়ার রয়েছে। আপনাদের কাছে কি তার অর্ধেকও আছে?

উল্লেখ্য, ক্যাটরিনাই প্রথম নন, এর আগেও ঐশ্বরিয়া রাই বচ্চন, বিপাশা বসু, রিচা চড্ডা এবং স্বরা ভাস্করের মতো অভিনেত্রীদের মা হওয়ার পর চেহারার পরিবর্তনের কারণে চরম ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়েছে।

বর্তমানে গ্ল্যামার ওয়ার্ল্ডের আলো থেকে কিছুটা দূরে থেকে নিজের সন্তান ও ব্যবসাতেই মনোযোগ দিয়েছেন ক্যাটরিনা। তাকে শেষ দেখা গিয়েছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়।  

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর