সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণের দাবিতে আন্দোলন আরও কঠোর অবস্থানে নিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ভবনের সামনে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের একটি অংশ। সোমবার সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এর আগে ভবনে তালা লাগিয়ে দেওয়া হয়। ফলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কেউ প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি বলে জানা গেছে। এদিন টানা অষ্টম দিনের মতো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির ঘটনা ঘটছে। নিয়োগ প্রক্রিয়াতেও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি তাদের।
অধ্যাপক ড. এমদাদুল হকের সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ছিদ্দিকুল ইসলাম, সাদা দলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক সভাপতি মাহবুব ইকবাল, আতাউর রহমান ও অধ্যাপক ড. নাজমুল হক।
কর্মকর্তা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের সভাপতি গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ নেওয়ামত উল্লাহ, বাছিত উদ্দিন ও আশফাক আহমেদ।
এ ছাড়া সিকৃবি ছাত্রদলের আহ্বায়ক সানাউল হোসেন সনি, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম ও গোলাম রাব্বানী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন।
বক্তারা উপাচার্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবিলম্বে তাকে অপসারণের দাবি জানান। তাদের বক্তব্য, উপাচার্যকে সরিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
আজকের সিলেট/ জেকেএস
সিকৃবি প্রতিনিধি 








