সুনামগঞ্জের শাল্লায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান (৪২) নামে এক মসজিদের ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন গ্রামবাসী। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক সাদিকুর রহমান শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমাম। তিনি প্রায় ১১ মাস ধরে ওই মসজিদে ইমামতি করছেন। তার বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের একটি দোকান থেকে চা পাতা আনতে যাওয়ার পথে ওই কিশোরীকে মসজিদের ইমাম তার কক্ষে টেনে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। এ সময় গ্রামের দুই স্কুলছাত্র ঘটনাটি দেখতে পায়। পরে তারা ইমামের কক্ষের সামনে কিশোরীর জুতা দেখতে পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়।
খবর পেয়ে গ্রামের লোকজন ইমামের কক্ষে গিয়ে বিছানায় থাকা লেপের নিচ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন। এ সময় ইমামের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ গ্রামবাসী তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
গ্রামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, সকালে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পায়, ইমাম ওই কিশোরীর হাত ধরে নিজের কক্ষের ভেতরে টেনে নিয়ে যাচ্ছেন। বিষয়টি দেখে তারা দ্রুত আশপাশের লোকজনকে জানায়। পরে গ্রামবাসী গিয়ে লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও কিশোরীকে উদ্ধারকারী ইয়ারাবাদ গ্রামের নাজির উদ্দিন বলেন, সকালে দুই স্কুলছাত্র এসে জানায়, ইমাম ওই মেয়েকে টেনে তার কক্ষে নিয়ে গেছেন। পরে সবার উপস্থিতিতে ইমামের কক্ষে গিয়ে লেপের নিচ থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় সবার সামনে ইমাম মেয়ের হাত ধরার কথা স্বীকার করেন।
কিশোরীর অভিযোগ, সকালে চা পাতা আনতে দোকানে যাওয়ার সময় মসজিদের ইমাম তার হাত ধরে কক্ষে নিয়ে যান। সেখানে তার মুখ চেপে ধরে লেপ দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন। চিৎকার করতে চাইলে মুখে চাপ দিয়ে ধরে রাখা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।
এদিকে, আটক ইমাম সাদিকুর রহমান পুলিশ ও গ্রামবাসীর কাছে কিশোরীর হাত ধরার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ওই মেয়ে তার কক্ষে ঢুকেছিল। পরে সে চলে যাওয়ার সময় তিনি তার হাত ধরেন। লোকজন দেখে ফেলতে পারে এমন আশঙ্কায় তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিলেন বলে দাবি করেন তিনি। এ ছাড়া তার সঙ্গে অন্য কোনো কিছু করেননি বলেও দাবি করেন। নিজের ভুল স্বীকার করে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থানা থেকে অনেক দূরে। তাকে থানায় নিয়ে আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ জেকেএস
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








