বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

টাঙ্গুয়ার হাওরে প্লাস্টিকের ছাইচের দৌরাত্ম্য, হুমকিতে মাটি-পানি ও জীববৈচিত্র্য

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৬ ০৯:২১:২৬ পূর্বাহ্ন

টাঙ্গুয়ার হাওরে প্লাস্টিকের ছাইচের দৌরাত্ম্য, হুমকিতে মাটি-পানি ও জীববৈচিত্র্য


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মাছ ধরার কাজে ব্যবহৃত প্লাস্টিকের ছাইচের (মাছ ধরার ফাঁদ) অবাধ ব্যবহার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। ব্যবহারের পর এসব ছাইচ যত্রতত্র ফেলে রাখায় দূষিত হচ্ছে কৃষিজমি ও জলাশয়। পাশাপাশি প্লাস্টিক ভেঙে মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়ে জলজ প্রাণীর খাদ্যশৃঙ্খলে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে হাওর-সংলগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষিজমি ও হাওরের তীরবর্তী স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে অসংখ্য প্লাস্টিকের ছাইচ। প্রতি শতক জমিতে অন্তত চার থেকে পাঁচটি ছাইচের উপস্থিতি লক্ষ করা গেছে। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার পর অনেকেই এসব ছাইচ নির্দিষ্ট স্থানে না ফেলে জমি ও জলাশয়ের আশপাশে ফেলে রাখছেন। ফলে বাড়ছে পরিবেশদূষণের ঝুঁকি।

সংশ্লিষ্টদের আশঙ্কা, দীর্ঘদিন রোদ, বৃষ্টি ও পানির সংস্পর্শে পড়ে এসব প্লাস্টিকের ছাইচ ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হতে পারে। পরে এসব কণা মাটি ও পানিতে মিশে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর খাদ্যশৃঙ্খলে প্রবেশ করতে পারে। এতে একদিকে কৃষিজমির মাটির গুণাগুণ ও উর্বরতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, অন্যদিকে হাওরের জলজ পরিবেশের ভারসাম্যও বিঘ্নিত হতে পারে।

এ বিষয়ে ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসয়াদ বিন খলিল রাহাত বলেন, প্লাস্টিকের ছাইচ চাষাবাদের মাধ্যমে মাটিতে মিশে গেলে মাটির উর্বরতা হ্রাস পাবে। মাটি দূষিত হবে। তাছাড়া এই ছাইচগুলো জলাশয়ের পানিতে মিশে মাছ ও অন্যান্য প্রাণীর খাদ্যের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক মিশে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।

পরিবেশবিদ মেহেদী হাসান শাওন বলেন, প্লাস্টিকের ছাইচে শুধু মাছই আটকে থাকে না, অন্যান্য জলজ প্রাণীও আটকে মারা যায়। জলাভূমিতে প্লাস্টিকের এসব ছাইচ জমতে থাকলে জলজ উদ্ভিদ, মাছ, পাখি ও অন্যান্য প্রাণীর স্বাভাবিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ টাঙ্গুয়ার হাওরের মতো জলাভূমিতে প্লাস্টিক বর্জ্যের বিস্তার দীর্ঘমেয়াদে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

পরিবেশসংশ্লিষ্টরা বলছেন, টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্লাস্টিকের ছাইচ ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে নষ্ট ও পরিত্যক্ত ছাইচ নির্দিষ্ট স্থানে সংগ্রহ, জলাশয়ে প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কার্যকর নজরদারি, প্লাস্টিক বর্জ্য অপসারণ এবং পরিবেশবান্ধব মাছ ধরার উপকরণ ব্যবহারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশসংশ্লিষ্টরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর