মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পৃথক অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৬৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপির তথ্য অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) রাত ১২টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টানা ২৪ ঘণ্টা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্তসহ বিভিন্ন অপরাধে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে পুলিশের হাতে ৮০ পিস ইয়াবা ও ৭৫টি ভারতীয় শাড়ি উদ্ধার হয়।
অন্যদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ১৬০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৫৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ১০৩টি যানবাহন আটক করা হয়।
এ ছাড়া ২৪ নভেম্বর রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মহানগর পুলিশের আওতাধীন ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযানে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশেষ অভিযানের সময় নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোটরসাইকেল মহড়া, ব্লক রেইড, যানবাহনে তল্লাশি ও চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ট্রাফিক আইন অমান্য করায় আরও তিনটি যানবাহন আটক এবং তিনটির বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
এসএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হচ্ছে। নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
নিরাপদ সিলেট গড়ে তোলার লক্ষ্যে মহানগর পুলিশের অভিযান চলমান রয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









