হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাঁশি বাজানো ও এতে বাঁধা দেওয়া নিয়ে বিরোধের জেরে শিপন মিয়া (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত শিপন মিয়া ওই গ্রামে হুঁশিয়ার আলীর ছেলে। এ ঘটনায় রুবেল মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে। রুবেল একই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
বুধবার রাতে উপজেলার পশ্চিম তিমিরপুরে এ ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, শিপন মিয়া কয়েকদিন আগে রুবেলদের বাড়ির সামনে বাঁশি বাজাচ্ছিলেন। এতে রুবেল বাধা দিলে দুজনের ঝগড়া হয়। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায়ও দুজনের মারামারি হয়।
বুধবার রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে রুবেল ও তার লোকজন শিপনকে পিটিয়ে আহত করেন। এ অবস্থায় শিপনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিপনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজকের সিলেট/ডি/এসটি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








